বড়াইগ্রামে আদিবাসী শিশুদের মাঝে জেলা প্রশাসকের উপহার বিতরণ
নাটোরের বড়াইগ্রামে আদিবাসী শিশু শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। রোববার সকাল ১১টার দিকে উপজেলার জোয়াড়ি কুমুল্লু আদিবাসী পল্লীস্থ সেন্ট পৌলস প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন। জেলা প্রশাসকের কাছ থেকে উপহার হিসেবে প্লাস্টিকের ঝুড়ি, রং পেন্সিল, প্লাস্টিকের টিফিন বক্স ও চটের ব্যাগ পেয়ে আনন্দিত হয় শিশুরা। তবে উপহারের পরিমাণ সীমিত থাকায় উপস্থিত সব শিক্ষার্থী তা পায়নি। ফলে উপহার না পেয়ে কিছু শিশু শিক্ষার্থীকে মন খারাপ করে বসে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় আদিবাসী পরিষদের বড়াইগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক তৃষাণ সামুয়েল টপ্প্য বলেন, "জেলা প্রশাসক স্যার কিছু শিক্ষার্থীর হাতে উপহার তুলে দিয়েছেন। সবাই উপহার না পাওয়ায় অনেকের মন খারাপ হয়েছে—এটি সত্য। তবে যারা পায়নি, তাদের জন্যও দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে উপহার সামগ্রী আনা হবে এবং তা বাকিদের মাঝে বিতরণ করা হবে।"
উপহার বিতরণকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, জাতীয় আদিবাসী পরিষদের বড়াইগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক তৃষাণ সামুয়েল টপ্প্য, আদিবাসী পল্লীর সভাপতি বুতু আন্তন বিশ্বাস এবং সেন্ট পৌলস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা লতা টপ্প্য।
আপনার মতামত লিখুন