কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

সারাদেশ
কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন
০৭ জুন ২০২৬, ৮:১০ পিএম

কিশোরগঞ্জে এক হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে শহরের কালীবাড়ি মোড়ে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া এতিমখানা রোডের বাসিন্দা ও বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু একই এলাকার গোলাপ মাস্টারের ছেলে সাইদুর রহমান লনি এবং ফখরুদ্দীনের ছেলে, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ একটি প্রভাবশালী চক্র তার সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করা হয়।

বক্তারা আরও বলেন, অভিযুক্তরা নামমাত্র মূল্যে জমি বিক্রির জন্য রিপন চন্দ্র সূত্রধরকে চাপ সৃষ্টি করে আসছে। তিনি এতে সম্মতি না দেওয়ায় তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং মানসিকভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলেও দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ভূমি দখলের অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু পরিবারের শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বিষয়টির দ্রুত তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।