মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল ৪টায় মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী রাষ্ট্রগঠন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, "জাতীয় সংকট মোকাবিলা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তাঁর গৃহীত দূরদর্শী কর্মসূচি দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।" একই সাথে বর্তমান প্রেক্ষাপটে নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবন সঠিকভাবে তুলে ধরার ওপর বিশেষ জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আজিজ মেম্বার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
আপনার মতামত লিখুন