প্রায় দুই বছর পর বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, এলাকায় আলোচনা-সমালোচনা
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রায় দুই বছর পর জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে পতাকাটি উত্তোলিত অবস্থায় দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কার্যালয়টি কার্যত বন্ধ ছিল। সম্প্রতি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও প্রচলিত নিয়ম অনুযায়ী সূর্যোদয়ের পর পতাকা উত্তোলনের পরিবর্তে আগের রাতেই তা টাঙানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ জাতীয় পতাকা উত্তোলনকে স্বাভাবিক বিষয় হিসেবে দেখলেও, আবার অনেকে জাতীয় পতাকা ব্যবহারের বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সমালোচনা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলা উচিত। রাতের বেলায় পতাকা টাঙিয়ে রাখার বিষয়টি জাতীয় পতাকা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন