শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভালুকা পৌর বিএনপির ব্যাপক কর্মসূচি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ভালুকা পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানান।
জানা গেছে, শাহাদাৎ বার্ষিকীর মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ ৩০ মে ২০২৬, শনিবার বিকাল ৩টায় ভালুকা উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
আয়োজক সূত্রে জানা যায়, আগামীকাল ৩১ মে থেকে পরবর্তী সাত দিনব্যাপী ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের নিজ নিজ ওয়ার্ডের কর্মসূচির তারিখ, সময় ও স্থান নির্ধারণ করে দ্রুত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও অবদান স্মরণে আয়োজিত এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।
রাজনৈতিক অঙ্গনে শহীদ জিয়াউর রহমানের অবদান ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
Emon Sarkar
আপনার মতামত লিখুন