বাউফল হাইস্কুল মাঠে দেয়াল নির্মাণ বন্ধের দাবি শিক্ষার্থীদের
পটুয়াখালী বাউফল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দেয়াল নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
একাধিক প্রাক্তন শিক্ষার্থী অভিযোগ করেন, বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চার অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিকেলে স্থানীয় তরুণ ও শিক্ষার্থীরা এখানে বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। মাঠে দেয়াল নির্মাণ করা হলে সেই সুযোগ সীমিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সামাজিক মাধ্যমে এক প্রাক্তন শিক্ষার্থী লেখেন, “বাউফল হাইস্কুলের এই কাজ বন্ধ করুন। নয়তো আমরা প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো। খেলাধুলার পরিবেশ নষ্ট হলে তরুণরা বিপথে যেতে পারে।”
তিনি আরও দাবি করেন, মাঠের উন্মুক্ত পরিবেশ বজায় রাখতে হবে এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলেও আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন