প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর ঘিরে ভালুকায় মহাসড়কে বিশেষ অভিযান, আটক অর্ধশতাধিক অটোরিকশা
প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর ঘিরে ভালুকায় মহাসড়কে বিশেষ অভিযান, আটক অর্ধশতাধিক অটোরিকশা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে অবৈধ থ্রি-হুইলার, অটোরিকশা ও অন্যান্য অবৈধ যানবাহনের চলাচল এবং সব ধরনের যানবাহনের পার্কিং সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহন আটক করেছে হাইওয়ে পুলিশ।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৩ মে প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর উপলক্ষে আজ শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে সব ধরনের অবৈধ থ্রি-হুইলার, অটোরিকশা ও অন্যান্য অবৈধ যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে মহাসড়কের দুই পাশে সব ধরনের যানবাহন পার্কিংও নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টারবাড়িসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ভরাডোবা হাইওয়ে থানা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অর্ধশতাধিক অটোরিকশা ও সিএনজি আটক করা হয়। আটক করা যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। গণবিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে, যাতে নির্দেশনাগুলো দ্রুত কার্যকর করা যায়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ অটোরিকশা, ভ্যান ও সিএনজিচালিত যানবাহনের উল্টো পথে চলাচলের কারণে ঘন ঘন যানজট ও দুর্ঘটনা ঘটছে। নিয়মিত মামলা ও আটক অভিযান পরিচালনা করা হলেও সমস্যাটির স্থায়ী সমাধান হচ্ছিল না। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়ক যানজটমুক্ত রাখতেই এ অভিযান জোরদার করা হয়েছে।
অভিযান চলাকালে ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, ‘মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আটক হওয়া যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মহাসড়ককে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে এবং পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে হাইওয়ে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর উপলক্ষে প্রশাসনের এ উদ্যোগে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে, যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ হবে।
Emon Sarkar
আপনার মতামত লিখুন