সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও মদ জব্দ, আটক ১
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজারীবাগান ও শ্রীবরদী উপজেলার দার্শিকোনা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে ২০২৬ তারিখে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ঝিনাইগাতী হলদিগ্রাম বিওপি, কর্ণঝোড়া বিওপি ও সূর্যপুর বিওপির টহল দল। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৩২ বোতল অবৈধ মদসহ বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিসহ শ্রীবরদী থানায় মামলা রুজু করা হয়েছে।
আটককৃত মদের সিজার মূল্য ৩ লাখ ৪৮ হাজার টাকা এবং ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের সিজার মূল্য ৮৮ লাখ ৬২ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৯২ লাখ ১০ হাজার টাকা।
এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার থাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন