সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: পাটোয়ারী
সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং তা বন্ধ করতে না পারায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ভারতীয় বাহিনী সীমান্তে অবর্ণনীয় জুলুম চালাচ্ছে এবং যুবসমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে মাদক সরবরাহ করছে। অথচ এসব নৃশংস ঘটনায় বর্তমান সরকারকে সম্পূর্ণ নীরব দেখা যাচ্ছে। নিহত খাদিমুলের পরিবারের বরাত দিয়ে তিনি দাবি করেন, মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে সে নিহত হলেও বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে, তা মূলত বিএসএফের সাজানো বয়ানের কপি।
ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনসিপি নেতা অভিযোগ করেন, শেখ হাসিনা ওপারে বসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালাচ্ছেন। তিনি সরকারকে আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার আঁতাত না করার হুঁশিয়ারি দেন। এছাড়া, এযাবৎকালে সীমান্তে নিহত সবার পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান এবং পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে অস্থিরতার কারণে সরকারকে অবিলম্বে ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান। সীমান্ত হত্যা চিরতরে বন্ধে বিজিবিকে আরও শক্তিশালী করার পাশাপাশি সীমান্তবাসীকে সংঘবদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি।
আপনার মতামত লিখুন