মণিরামপুরে মানবিক ইউএনও সম্রাট হোসেন: শিক্ষার্থীদের বিপথগামিতা রোধে মাঠে সক্রিয়
যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনিক রুটিন দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে তিনি নিজেই মাঠে নেমে কাজ করছেন; যা এলাকাবাসীর কাছে এক বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা শহীদ মিনার এলাকায় টহল দেওয়ার সময় ইউএনও দেখতে পান, দুইজন এসএসসি পরীক্ষার্থী শহীদ মিনারের ওপর বসে ধূমপান করছে। বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে তাদের ডেকে সতর্ক করেন। পরে নিজে পায়ে হেঁটে উপজেলা স্টেডিয়াম সংলগ্ন দুর্গাপুর এলাকার প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেন। সেখানে ঘুমন্ত অভিভাবকদের ডেকে সন্তানের অপকর্মের বিষয়টি অবহিত করেন এবং ভবিষ্যতে সন্তানের প্রতি আরও নজরদারি রাখার আহ্বান জানান।
এরই ধারাবাহিকতায়, গত মঙ্গলবার সন্ধ্যায় অফিস শেষে বাংলোয় ফেরার পথে তিনি দুই কিশোর ও দুই কিশোরীকে আড্ডা দিতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে ছেলেদের বাড়ি পাঠিয়ে দেন এবং দুই মেয়েকে সঙ্গে নিয়ে প্রাণিসম্পদ অফিস সংলগ্ন তাদের বাসায় পৌঁছে দেন। সেখানে মেয়েদের মাকে ডেকে পুরো বিষয়টি অবগত করেন এবং সন্তানদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
স্থানীয়রা বলছেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এসব কাজ করা তাঁর নিয়মিত দায়িত্বের বাইরের বিষয় হলেও, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এমন উদ্যোগ নিচ্ছেন। এতে অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়ছে এবং শিক্ষার্থীদের মাঝেও ইতিবাচক বার্তা পৌঁছাচ্ছে। মণিরামপুরবাসী মনে করছেন, বর্তমান সময়ে যখন কিশোর-কিশোরীদের বিপথগামিতা বাড়ছে, তখন ইউএনও সম্রাট হোসেনের এমন মানবিক পদক্ষেপ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর এমন কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
সাব্বির হাসান
আপনার মতামত লিখুন