স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে উধাও চার শিক্ষার্থী, উদ্বিগ্ন পরিবার
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর এলাকা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর চার স্কুলছাত্রীর রহস্যজনক নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, নাজিরপুর এলাকার আ. মন্নান গাজীর মেয়ে সানজিদা আক্তার (১২) গত ১০ মে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে অনুসন্ধানে জানা যায়, একই এলাকার আরও তিন শিক্ষার্থী—আয়শা আক্তার (১৩), ইসমত জেরিন সাজনিন (১২) ও সনজিদা আক্তার রায়সা (১৪) একই সময়ে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে।
স্বজনরা আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান না পেয়ে বাউফল থানা-এ সাধারণ ডায়েরি করেন। জিডি নং-৫৫৮, তারিখ ১০ মে ২০২৬।
পুলিশ জানিয়েছে, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন