বদলগাছীতে ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
“শিক্ষা সুরক্ষা: শিক্ষার উন্নয়নে স্থানীয় উদ্যোগ” শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও মতবিনিময় সভা
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে “শিক্ষা সুরক্ষা: শিক্ষার উন্নয়নে স্থানীয় উদ্যোগ” শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর নির্বাহী পরিচালক আকতার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক।
সভায় সম্মানিত অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযান-এর উপপরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “বিদ্যালয় পরিচালনায় স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং সহ-শিক্ষা কার্যক্রম জোরদারের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের দীর্ঘ অনুপস্থিতি ও ঝরে পড়ার হার কমিয়ে আনার জন্য কাজ করা হবে।”

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন,“শিক্ষা ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষা বান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা নতুন সুযোগ পাবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে শিক্ষক, অভিভাবক,সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে।
একটি শিক্ষিত প্রজন্মই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়বে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন,“শিক্ষা সুরক্ষা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষ সম্পৃক্ত থাকার মাধ্যমে
একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে”।
সভায় জানানো হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় গণসাক্ষরতা অভিযান ও বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৭ মেয়াদে বদলগাছী উপজেলার কোলা ও মিঠাপুর ইউনিয়নের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে (১৫টি প্রাথমিক ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়) প্রকল্পটি পরিচালিত হবে। এর আওতায় মোট ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী সরাসরি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা পাবে।
এছাড়াও সভায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ (CEWG) গঠন, শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ এবং বিদ্যালয়ে বুক কর্নার স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন