টয়লেট নির্মাণে ২ লাখের জায়গায় ২ কোটি লেখা সমালোচনায় উপজেলা পরিষদ
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি টয়লেট নির্মাণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
২০২৪–২০২৫ অর্থবছরে নির্মিত দুটি টয়লেটের ব্যয় ধরা হয় ১ লাখ ৯৯ হাজার টাকা। তবে স্থাপিত নামফলকে ভুলভাবে ব্যয়ের অঙ্ক উল্লেখ করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ায়।
নামফলকে লেখা ছিল— “সূর্যমনি ইউপি, রামনগর গ্রামে ইদু হাওলাদার বাড়ির মসজিদের টয়লেট। বরাদ্দ: ১,৯৯,৯৯৯,৯৩/-; অর্থবছর: ২০২৪–২০২৫; অর্থায়নে: বাউফল উপজেলা পরিষদ।”এতে কমার ভুল ব্যবহারের কারণে বরাদ্দের অঙ্কটি অস্বাভাবিক বড় দেখায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
পরে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দেয়।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, নামফলকে কমার জায়গায় ভুলবশত দশমিকের পরিবর্তে কমা ব্যবহৃত হয়েছে। এটি সম্পূর্ণ একটি প্রিন্টিং ভুল। তিনি আরও বলেন, বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। ভুলটি শুধুমাত্র লেখার ক্ষেত্রে হয়েছে, বাস্তব বরাদ্দে কোনো অসঙ্গতি নেই।
আপনার মতামত লিখুন