ঈশ্বরগঞ্জে ভূমি অফিস নিয়ে মানববন্ধন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভূমি অফিস পুনঃস্থাপনের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। "ভূমি অফিস লাটিয়ামারী চাই" স্লোগানকে সামনে রেখে এবং সরকারি নির্দেশনা অমান্যকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে ইউনিয়ন ভূমি অফিসটি লাটিয়ামারীতেই অবস্থিত ছিল। পরবর্তীকালে ভবন ও স্থাপনা সংকটের কারণে সাময়িকভাবে এটি ইউনিয়ন পরিষদে স্থানান্তর করা হয়। বর্তমানে সরকার নির্ধারিত স্থানেই ভূমি অফিস স্থাপনের নির্দেশনা দিয়েছে এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে অফিসটি অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। স্থানীয়রা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সরকারি আদেশ উপেক্ষা করে জনস্বার্থবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
উক্ত প্রতিবাদ সমাবেশে ডা. জয়নাল আবেদীনের সমাপনী বক্তব্যের মাধ্যমে স্থানীয়দের দাবি জোরালো করা হয়। এতে আরও বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোবারক ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ, রাজিবপুর ইউনিয়নের সার্ভেয়ার আবু বক্কর সিদ্দিক এবং শিক্ষার্থী মো. সাব্বির হোসাইন।
সমাবেশটি সঞ্চালনা করেন রাজিবপুর ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক মো. মাসুদ মিয়া। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. নাজমুল ইসলাম আকন্দ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস জানান, "ইতিমধ্যে নির্ধারিত স্থানেই ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ চলমান রয়েছে। সরকারি নিয়মানুযায়ী এটি বর্তমানে অন্য কোথাও স্থানান্তরের কোনো সুযোগ নেই।"
পাকা সড়ক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও এলাকাটিকে 'দুর্গম' আখ্যা দিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান রাজিবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। দ্রুততম সময়ের মধ্যে লাটিয়ামারীতে নির্ধারিত স্থানে ভূমি অফিসের কাজ সম্পন্ন করে জনভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন