জমি সংক্রান্ত বিরোধে আটকে আছে ঈশ্বরগঞ্জ আইসিটি সেন্টার, দ্রুত নির্মাণের দাবি শিক্ষকদেরপ্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন’ (ইউআইটিআরসিই) ভবনের নির্মাণ কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দেশের ১৬৩টি উপজেলায় আইসিটি সেন্টার নির্মিত হলেও ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কাজ থমকে আছে। তারা অভিযোগ করেন, স্থানীয় একটি মহলের ব্যক্তিস্বার্থের কারণে সরকারের এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পিছিয়ে পড়ছে। দ্রুত সময়ের মধ্যে বাধার অবসান ঘটিয়ে নির্মাণ কাজ শুরু করার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, "আইসিটি ভবনটি নির্মিত হলে এই অঞ্চলের শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। কিন্তু বারবার কাজে বাধা আসায় এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ঈশ্বরগঞ্জবাসী।"
উল্লেখ্য, ২০১৮ সালে উপজেলা পরিষদের ১০ শতাংশ জায়গায় এই ভবন নির্মাণের প্রস্তাব গৃহীত হয়। ২০২৩ সালে কাজ শুরু করতে গেলে স্থানীয় মকবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা পৈতৃক জমির মালিকানা দাবি করে কাজে বাধা প্রদান করেন। তাদের দাবি, ওই জমির সাড়ে ৪ শতাংশ তাদের নিজস্ব এবং সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, বিআরএস রেকর্ড অনুযায়ী জায়গাটি উপজেলা পরিষদের মালিকানাধীন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য ইতোমধ্যেই জানিয়েছেন যে, যথাযথ প্রমাণ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়া বেআইনি। অন্যদিকে, দাবিদার পক্ষ জমির দলিল মূলে সমঝোতা অথবা আইনগত সমাধানের দাবি জানিয়ে আসছে।
আজকের এই মানববন্ধনের মাধ্যমে বিষয়টি পুনরায় আলোচনায় উঠে এসেছে। একদিকে সাধারণ শিক্ষক সমাজ ও সচেতন নাগরিকরা শিক্ষা ও প্রযুক্তির স্বার্থে দ্রুত ভবন নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে জমির মালিকানা দাবিদাররা তাদের আইনি অধিকারের দাবিতে অনড় রয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সমঝোতা নাকি কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জটিলতার অবসান ঘটান।
আপনার মতামত লিখুন