ঈশ্বরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল কৃষক ও তার স্বপ্ন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে এই সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে একটি গরু মারা যাওয়ার পাশাপাশি দগ্ধ হয়েছেন গৃহকর্তা আবুল কালাম (৬২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার শেষ রাতে তারাটি গ্রামের বাসিন্দা আবুল কালামের বাড়ির গোয়ালঘরে কয়েলের আগুন থেকে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। গোয়ালঘরটিতে পাঁচটি গরু ছিল। আগুনের তীব্রতায় গরুগুলো চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা ও গরুগুলোকে গোয়ালঘর থেকে বের করার সময় গৃহকর্তা আবুল কালাম শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। এলাকাবাসীর সহায়তায় চারটি গরু জীবন্ত উদ্ধার করা সম্ভব হলেও একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। উদ্ধারকৃত চারটি গরুর শরীরও আগুনে ঝলসে গেছে।
দগ্ধ আবুল কালামকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত রাজধানীর ঢাকা বার্ন ইনস্টিটিউটে (বার্ডেন) রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ইউপি সদস্য (৭নং ওয়ার্ড) বোরহান উদ্দিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহত আবুল কালামের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি কৃষকের এই অপূরণীয় ক্ষতিতে দুঃখ প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন