নিষিদ্ধ গাইডের দৌরাত্ম্য: ৪৫০০ টাকায় জিম্মি দরিদ্র শিক্ষার্থীর ভবিষ্যৎ
বাউফল উপজেলার এক দরিদ্র পরিবারের শিক্ষার্থীর পড়াশোনাকে ঘিরে উঠে এসেছে নিষিদ্ধ গাইড বইয়ের এক উদ্বেগজনক চিত্র। স্থানীয় সাংবাদিক এমরান হাসান সোহেল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন।
স্ট্যাটাসে তিনি জানান, এক হতদরিদ্র পিতা তার সন্তানের লেখাপড়ার স্বার্থে একটি গাইড বই কিনে দেওয়ার অনুরোধ করেন। সন্তানটি বর্তমানে বাউফল ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার মানবিক বিভাগে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। শিক্ষার্থীর প্রবল আগ্রহ থাকলেও পরিবারের আর্থিক সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সোহেল জানান, তিনি প্রথমে ধারণা করেছিলেন গাইড বইয়ের দাম ২০০০ থেকে ২২০০ টাকার মধ্যে হবে। কিন্তু লাইব্রেরিতে গিয়ে তিনি জানতে পারেন, “লেকচার গাইড” বইটির দাম ৪৫০০ টাকা। দোকানদার জানান, এতে প্রায় ৭০০ টাকা ছাড় দেওয়া হয়েছে। পরে নিরুপায় হয়ে ওই অর্থ পরিশোধ করেন তিনি, শুধুমাত্র শিক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে।
তিনি তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ গাইড বই কিনে পড়া অনেক ক্ষেত্রে শিক্ষকদের মাধ্যমে বাধ্যতামূলক করা হচ্ছে। এর পেছনে রয়েছে কমিশন বাণিজ্যের অভিযোগ। ফলে গরিব পরিবারের জন্য শিক্ষার ব্যয় বহন করা দিন দিন কঠিন হয়ে উঠছে।
প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন— দেশে আইন আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, এমনকি শিক্ষামন্ত্রীও রয়েছেন; তবে নিষিদ্ধ বইয়ের এই দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করবে কে?
আপনার মতামত লিখুন