ফেরিঘাটে বিদ্যুৎ না থাকায় নদীতে পড়ে একজন নিখোঁজ
পটুয়াখালী বাউফল উপজেলার বগা ফেরিঘাটে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন জহিরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে লোহালিয়া নদীর তীরে বগা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে বাড়ি থেকে রওনা দেন জহিরুল ইসলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বগা ফেরিঘাটে পৌঁছানোর পর ফেরিতে ওঠার চেষ্টা করেন। তবে ওই সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ ছিল অন্ধকারাচ্ছন্ন। এতে অসাবধানতাবশত পা পিছলে তিনি নদীতে পড়ে যান
ঘটনার পরপরই আশপাশের লোকজন চিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় জেলে ও উপস্থিত লোকজন নদীতে নেমে রাতভর খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। তবে তাদের চেষ্টাও ব্যর্থ হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, সকালে প্রয়োজনীয় সরঞ্জাম ও ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বুধবার দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন