খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের ‘আত্মহত্যা’

সারাদেশ
খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের ‘আত্মহত্যা’

নিহত সম্রাট গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি ২০২৩ সালের ৩ নভেম্বর খুলনা রেলওয়ে পুলিশে যোগদান করেছিলেন। ছবি: সংগৃহীত

১৮ এপ্রিল ২০২৬, ২:০৮ পিএম

খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত অবস্থায় সম্রাট বিশ্বাস (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সম্রাট গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি ২০২৩ সালের ৩ নভেম্বর খুলনা রেলওয়ে পুলিশে যোগদান করেছিলেন। তার স্ত্রী পূজা বিশ্বাসও সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সম্রাটের ডিউটি ছিল ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত। দায়িত্ব পালনকালেই ভোর সাড়ে ৪টার দিকে বিকট শব্দ শুনে অন্য পুলিশ সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসআরপি) এবং সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, প্রাথমিক আলামত অনুযায়ী সম্রাট তার নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেলটি মাথায় ঠেকিয়ে গুলি চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এই চরম পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।