জয়পুরহাট-১ আসনে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকার ঈদ উপহার বিতরণ, পেলেন ৫০০ পরিবার
নয়া সংবাদ
জান্নাতুন নাঈম, জয়পুরহাট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের অসহায়, দুঃস্থ ও সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) পাঁচবিবি উপজেলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃত দুঃস্থদের হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট প্রশাসন ও আয়োজক সূত্রে জানা যায়, এবারের ঈদে জয়পুরহাট-১ আসনের দুটি উপজেলার (সদর ও পাঁচবিবি) দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলার ৩০০টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা এবং পাঁচবিবি উপজেলার ২০০টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হচ্ছে।
পাঁচবিবিতে আয়োজিত এই মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে অর্থ তুলে দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, পাঁচবিবি উপজেলা আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান ও আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, "ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া অসহায় পরিবারগুলো সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্যই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা অত্যন্ত সতর্কতার সাথে যাচাই-বাছাই করে প্রকৃত অভাবীদের হাতেই এই সহায়তা পৌঁছে দিচ্ছি।"
অনুষ্ঠানে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, "অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। দলমত নির্বিশেষে প্রকৃত দুঃস্থদের মাঝে এই অর্থ স্বচ্ছতার সাথে বণ্টন করা হচ্ছে, যাতে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে তারা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন।"
এদিকে, ঈদের ঠিক আগমুহূর্তে এমন আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ। নগদ ২ হাজার টাকা হাতে পেয়ে বৃদ্ধ উপকারভোগী মাহবুব আলী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, "ঈদের আগে বাড়িত বাজার-সদাই করার মতো কোনো ট্যাকা-পয়সা আছিলো না। এই ২ হাজার ট্যাকা দিয়া এ্যালা ছোলপোল নিয়া ভালো কইরা ঈদ করবার পারমু। যারা এই ট্যাকা দিলো, আল্লাহ তাদের ভালো করুক।"
আপনার মতামত লিখুন