ঈদুল ফিতর উপলক্ষে ভালুকায় হাজারো মানুষের মাঝে উপহার বিতরণ করলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান

সারাদেশ
ঈদুল ফিতর উপলক্ষে ভালুকায় হাজারো মানুষের মাঝে উপহার বিতরণ করলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান
১৮ মার্চ ২০২৬, ৫:১০ পিএম


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ময়মনসিংহের ভালুকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার (১৩ মার্চ) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সকালে ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডে এবং বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডে কয়েক হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক, ‘জনতার মেয়র’ হিসেবে পরিচিত আলহাজ্ব হাতেম খান।


এ সময় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতিবছরের মতো এবারও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


উপহার সামগ্রী পেয়ে অনেক উপকারভোগী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অনেক স্বস্তি বয়ে আনে। এতে করে তাদের পরিবারের ঈদ উদযাপন কিছুটা সহজ হয়।


এ বিষয়ে আলহাজ্ব হাতেম খান বলেন, “মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় চেষ্টা করি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র উদ্যোগ।”


তিনি আরও বলেন, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই তাদের অঙ্গীকার।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন