পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

সারাদেশ
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দঘন মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ এবং হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপজেলা প্রশাসক ও  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে সবাইকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। শোভাযাত্রায় ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা উপকরণ, রঙিন মুখোশ, গ্রামীণ সংস্কৃতির প্রতীক এবং বৈশাখের প্রাণের স্পন্দন। ঢাক-ঢোলের তালে তালে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে হোসেনপুরে নববর্ষ উদযাপন করা হয়।