মণিরামপুর বাজারে ফুটপাত দখল: প্রশাসনের নীরবতায় চরম জনদুর্ভোগ
যশোরের মণিরামপুর বাজারে ফুটপাত দখল যেন এখন ‘স্বাভাবিক নিয়মে’ পরিণত হয়েছে। সরকারি নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন প্রকাশ্যে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণির প্রভাবশালী দোকান মালিক, আর এ যেন দেখেও না দেখার ভান করছে সংশ্লিষ্ট প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত সম্পূর্ণ দখল হয়ে গেছে। দোকানের মালামাল, অস্থায়ী স্টল, এমনকি স্থায়ী কাঠামো গড়ে তুলে পথচারীদের চলাচলের পথ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করছে-যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালালেও তা দীর্ঘস্থায়ী হয় না। অভিযানের কয়েকদিন পরই আবার পুরোনো চিত্র ফিরে আসে। এতে স্পষ্ট হয়ে উঠছে-এই দখলদারিত্বের পেছনে রয়েছে অদৃশ্য শক্তির ছত্রছায়া।
সচেতন মহল বলছে, প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা শুধু দায়িত্বহীনতাই নয়, বরং জনস্বার্থের প্রতি চরম অবহেলা। প্রশ্ন উঠেছে-কারা এত শক্তিশালী যে প্রশাসনের অভিযানও তাদের দখলদারিত্ব থামাতে পারছে না?
এখনই যদি কঠোর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করে জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা এখন সময়ের দাবি।
সাব্বির হাসান
আপনার মতামত লিখুন