শরীরে ধারালো অস্ত্রের আঘাত

বদলগাছীতে রাস্তার পাশে ভ‍্যানচালকের নিথর ম/র/দেহ

সারাদেশ
বদলগাছীতে রাস্তার পাশে ভ‍্যানচালকের নিথর ম/র/দেহ
১০ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

নওগাঁর বদলগাছীতে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় মিঠু হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠু হোসেন উপজেলার আধাইপুর ইউনিয়নের সত‍্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।


স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি প্রতিদিন বদলগাছীর বিভিন্ন এলাকায় ব‍্যাটারিচালিত ভ্যানগাড়ী চালিয়ে ভাড়া মারেন। রাতে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় কয়েকজন পথচারী আধাইপুর-বৈকন্ঠপুর সড়ক জিয়া শিমুলিয়া রাস্তার উপর একটি লাইট জ্বালিয়ে রাখা ভ্যান ও তার থেকে সামান্য দূরে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।


সরেজমিনে গিয়ে দেখা যায়, ম/র/দেহের মুখে রক্ত, শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ এবং কানের নিচে, ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের দাগ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, “ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। লাশের শরীরের কয়েকটি জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কি কারনে এই হত্যাকান্ড পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে। থানায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।”


এদিকে আকস্মিক এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।