শামীম ওসমানের মৃত্যুর খবরটি গুজব, যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। ছবিঃ সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অবস্থান নিয়ে দেশজুড়ে নানা গুঞ্জন চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যমুনা টিভির লোগো ব্যবহার করে তার মৃত্যুর খবর দাবি করা একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, শামীম ওসমানের মৃত্যুর এই খবরটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
ফ্যাক্টচেক (তথ্য যাচাই):
দাবি: সামাজিক যোগাযোগ মাধ্যমে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে— ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’।
রিউমার স্ক্যানারসহ বিভিন্ন তথ্য যাচাইকারী টিমের অনুসন্ধানে জানা যায়, যমুনা টিভি শামীম ওসমানকে নিয়ে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি।ভাইরাল হওয়া ফটোকার্ডটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এতে ব্যবহৃত ফন্টের সঙ্গে যমুনা টিভির নিয়মিত ফটোকার্ডের ফন্ট ও গ্রাফিক ডিজাইনের স্পষ্ট অমিল রয়েছে।যমুনা টিভি ছাড়াও দেশি-বিদেশি কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে শামীম ওসমানের মৃত্যুর খবরের কোনো সত্যতা মেলেনি।
শামীম ওসমান মারা গেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক এই সংসদ সদস্য জনসম্মুখে না থাকলেও তার মৃত্যু সংক্রান্ত তথ্যের কোনো ভিত্তি নেই। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
আপনার মতামত লিখুন