বিএনপি নিজেদের মতো করে সংস্কার করতে চায়: নাহিদ

রাজনীতি
বিএনপি নিজেদের মতো করে সংস্কার করতে চায়: নাহিদ
নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৫:১৩ এএম
ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মূল সংস্কারগুলো মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘বিএনপি আসলে মূল সংস্কারগুলোই মানছে না। তারা হয়তো নিজদের মন মত করে তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার হয়তো করতে চান। তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার করা হয়, তাহলে ঐকমত্য কমিশন, এত আলাপ আলোচনা সবকিছুই ব্যর্থ। এটা তো আসলে প্রয়োজন ছিল না। এগুলো জাতির সামনে আগেই পরিষ্কার করা উচিত ছিল।’

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে ইফতার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। আমরা পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরও স্পষ্টভাবে জানতে চাইবো যে, গণভোট বা গণরায় নিয়ে তাদের অবস্থান কী। তাদের চূড়ান্ত অবস্থান জানার পরে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করব।’

তিনি বলেন, ‘বিএনপি তো গণভোটের পুরো বিষয়টাকেই এখন মানছে না। গণভোটের আদেশ নিয়ে কিন্তু সরকার দলের পক্ষ থেকে সেদিন প্রশ্ন তোলা হয়েছে। তার মানে গণভোট যেই চারটা প্রশ্নের ওপরে হয়েছে, সেখানে মূল সংস্কারগুলো আছে। উচ্চকক্ষের কথা আছে, বিচার বিভাগ স্বাধীনের কথা আছে, ডেপুটি স্পিকারের কথা আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগের কথা আছে– এগুলো তো গুরুত্বপূর্ণ সংস্কার ছিল এবং এগুলো মীমাংসিত ছিল। একটা ঐকমত্যও ছিল। সেই সময় অনেক দ্বিমত ছিল অনেকের। আমাদেরও তো এই আদেশ নিয়ে অনেকগুলো দ্বিমত ছিল। কিন্তু আমরা তো সকল দ্বিমতকে মেনে নিয়ে এই গণভোটে অংশগ্রহণ করেছি।’

নব্বইয়ের গণঅভ্যুত্থানের উদাহরণ দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও বিএনপির এরকম আচরণ দেখেছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানে ত্রিদলীয় জোটের রূপরেখা বিএনপি সরকারে এসে মানলো না। ফলশ্রুতিতে সংসদীয় রাজনীতিতেই বিএনপি এবং বাংলাদেশের রাজনীতি বেশিদিন টিকেনি। বাংলাদেশে একটা ফ্যাসিবাদের দিকে গিয়েছে। ফলে বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেবে নিবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে– এটা তো বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।’