২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

০৭ এপ্রিল ২০২৬, ৯:৩৬ এএম

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

দলীয় সূত্রে জানা গেছে, এই সফরকে কেন্দ্র করে যশোর জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে একটি বিশাল জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিন প্রধানমন্ত্রী যশোরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন।

যশোর জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। বিকেলের জনসমাবেশে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়টিকে কেন্দ্র করে যশোরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতোমধ্যে সমাবেশস্থল পরিদর্শনে নেমেছেন কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।