ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদা স্বাধীনতা দিবস পালিত
মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় উপজেলার মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন। এসময় পুলিশ বাহিনীর সালাম গ্রহণ করেন। পরে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট সদস্য, পুলিশ, আনসার ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং বর্তমান প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা, চিত্রাঙ্কন, রচনা ও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হলুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন