রংপুরে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন
বাংলার বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রংপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। আজ ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:০০টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' পালন উপলক্ষ্যে আয়োজিত এই ত্রৈহিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
৩ দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। উদ্বোধনী বক্তব্যে কবির সৃষ্টি, আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীসমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, নজরুলের সাম্য ও মানবতার বাণী যুগে যুগে শোষিত মানুষের প্রেরণার উৎস। এই নজরুল বর্ষ উদযাপনের মধ্য দিয়ে তাঁর অসাম্প্রদায়িক ও দ্রোহের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে আরও দৃঢ়ভাবে ছড়িয়ে পড়বে।
উপস্থিত সকলের আন্তরিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী পর্বটি অত্যন্ত প্রাণবন্ত, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়। আগামী দুই দিন নানা আনুষ্ঠানিকতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন চলমান থাকবে।
আপনার মতামত লিখুন