রংপুরে ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টি’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের 'আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি' প্রকল্পের আওতায় রংপুর জেলায় এক গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার কনসালটেশন (অংশীজন পরামর্শ সভা) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ মে ২০২৬) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দেশের সাধারণ মানুষের সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিতকরণে আইন সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, একটি প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আইন যত আধুনিক এবং জনবান্ধব হবে, নাগরিকরা তত বেশি সুফল পাবেন। অনেক সময় সাধারণ মানুষ তাদের মৌলিক সাংবিধানিক অধিকার এবং প্রচলিত আইন সম্পর্কে সম্যক ধারণা না থাকায় সঠিক সময়ে আইনি সহায়তা পেতে বঞ্চিত হন, তাই তৃণমূল পর্যায়ে এই সচেতনতা ছড়িয়ে দিতে পারলে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা সুসংহত হবে। মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশীজনরা আইনের ভাষা আরও সহজ করা এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রচার বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় রংপুরের স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধি, আইনজীবী, সুধীসমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান।
আপনার মতামত লিখুন