পুলিশ প্রশাসনে বড় রদবদল
আরএমপি ও বিএমপিতে নতুন কমিশনার, ১০ জেলায় নতুন এসপি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে নতুন পদে পদায়ন ও বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে আরএমপি কমিশনারের দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করে ডিআইজি মো. আশিক সাঈদকে বিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি কর্মকর্তাদের মধ্যে সিআইডির মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। এছাড়া ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সানা শামীনুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
পুলিশের জেলা পর্যায়েও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। পাবনার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করে তার স্থলে মো. মফিজ উদ্দিনকে জেলার নতুন এসপি করা হয়েছে। পঞ্চগড়ের এসপি মো. রবিউল ইসলামকে নৌ-পুলিশে বদলি করে সেখানে এপিবিএন-২ এর এসপি মো. মিজানুর রহমানকে নিযুক্ত করা হয়েছে। জয়পুরহাটের নতুন এসপি হয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম। এছাড়া নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি এবং ফেনী জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় ডিএমপি ও কেএমপির উপ-পুলিশ কমিশনার এবং এসবির বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আপনার মতামত লিখুন