গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণার হুঁশিয়ারি এনসিপি-র

গণমাধ্যম
গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণার হুঁশিয়ারি এনসিপি-র

সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে এনসিপি মুখপাত্র বলেন, "আপনারা বারবার সংবিধানের কথা বলেন, অথচ প্রশাসক নিয়োগের ক্ষেত্রে নিজেরাই তা লঙ্ঘন করছেন। সংবিধানে স্পষ্ট বলা আছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে।

নিউজ ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম

বর্তমান বিএনপি সরকারের সদিচ্ছার অভাব এবং গণভোটের রায় নিয়ে ‘নাটকীয়তার’ অভিযোগ তুলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট জানিয়েছেন, গণভোটের রায় মেনে না নিলে বর্তমান সরকারকে ‘অবৈধ’ হিসেবে ঘোষণা করা হবে।

রোববার (৫ এপ্রিল) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের পক্ষ থেকে গণভোটের রায় উপেক্ষা করা, রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, "আমরা শুরু থেকেই এই সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু আপনাদের সদিচ্ছার অভাবে তা সম্ভব হচ্ছে না। বৈশ্বিক সংকট মোকাবিলায় আমরা সকল অংশীজনদের সঙ্গে বসে কাজ করতে আগ্রহী। এত দ্রুত রাজপথে নামার পরিকল্পনা আমাদের ছিল না; কিন্তু গণভোট নিয়ে যে নাটকীয়তা শুরু হয়েছে, তাতে রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই।"

সরকারের মেয়াদের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, "আপনারা প্রায়ই বলেন যে আগামী ১৫-২০ বছরেও দেশে কোনো গণ-অভ্যুত্থান হবে না। কিন্তু ইতিহাসে এর নজির রয়েছে। ৬৯-এর গণ-অভ্যুত্থানের অর্জন যখন রক্ষা করা যায়নি, তখনই ৭১ সংঘটিত হয়েছিল। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন ও চেতনা যদি রক্ষা করা না যায়, তবে ২০২৬ বা ২০২৭ সালে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।"

সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে এনসিপি মুখপাত্র বলেন, "আপনারা বারবার সংবিধানের কথা বলেন, অথচ প্রশাসক নিয়োগের ক্ষেত্রে নিজেরাই তা লঙ্ঘন করছেন। সংবিধানে স্পষ্ট বলা আছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। অথচ পূর্ববর্তী অধ্যাদেশগুলো বহাল রাখার মাধ্যমে নির্বাহী বিভাগের হাতে এমন ক্ষমতা রাখা হচ্ছে, যাতে যেকোনো নির্বাচিত প্রতিনিধিকে যেকোনো সময় অপসারণ করা যায়। এতে বিরোধী দলের প্রতিনিধিদের ভয় দেখিয়ে অনুগত বানানোর সুযোগ তৈরি হচ্ছে।"

সবশেষে তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, "বিগত সময়ে আমরা ফ্যাসিবাদ দেখেছি, আর এখন বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সকল লক্ষণ ফুটে উঠছে। যদি এই সরকার গণভোটের রায় মেনে না নেয়, তবে সেদিন থেকেই আমরা তাদের ‘অবৈধ সরকার’ হিসেবে ঘোষণা করব। আপনারা যেমন আমাদের অর্জনগুলো ধূলিসাৎ করতে সময় নিচ্ছেন না, আমরাও আপনাদের অবৈধ বলতে সময় নেব না।"