গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন ৭ দফা রেজুলেশন গৃহীত
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
একই সঙ্গে সংগঠনের প্রথম সাধারণ সভায় পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের নিরাপত্তা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে সাত দফা গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় প্রেসক্লাব গোপালগঞ্জের এক নম্বর কক্ষে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে শৈলেন্দ্রনাথ মজুমদারকে আহ্বায়ক এবং পলাশ শিকদারকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শিহাব উদ্দিন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ বরকত মোল্লা, মোঃ আবিদ হাসান মুছা, তানভীর ইসলাম ও গোলাম রব্বানী।
সভায় গৃহীত রেজুলেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সংগঠনের ঐক্য অটুট রাখা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় অঙ্গীকারবদ্ধ থাকা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো। পাশাপাশি সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন এবং জেলার বিভিন্ন উপজেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, জেলার প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংগঠনের মাধ্যমে গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে সমন্বয়, পেশাগত দক্ষতা এবং ঐক্য আরও সুসংহত হবে।
মোঃ আবিদ হাসান মুছা
আপনার মতামত লিখুন