বাকৃবির ক্যারাম সাফল্যে আনন্দ-উচ্ছ্বাস, ভিসির সংবর্ধনা
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রদলকে সংবর্ধনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় ভিসি সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকেও ভাইস-চ্যান্সেলরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।
জানা গেছে, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাকৃবির ছাত্রদল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, "তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরব বয়ে এনেছ, তোমাদের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।"
এ সাফল্যের পেছনে যুক্ত শিক্ষক, কোচ, দলনেতা ও দলের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাদের দিকনির্দেশনা, উৎসাহ ও নিরলস প্রচেষ্টার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।
ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও সাফল্য পেতে সবাইকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজ হাতে শিক্ষার্থীদের পুরস্কৃত করে শুধু সম্মাননাই দেন না, বরং তাদের আরও বড় অর্জনের জন্য অনুপ্রাণিত করেন। এ প্রসঙ্গে বাকৃবি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, ক্রীড়া প্রতিযোগিতা কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন