জেলা পর্যায়ে গল্প বলায় প্রথম ঈশ্বরগঞ্জের রেজওয়ান হক মুয়াজ

শিক্ষা
জেলা পর্যায়ে গল্প বলায় প্রথম ঈশ্বরগঞ্জের রেজওয়ান হক মুয়াজ
০৮ জুন ২০২৬, ৭:৪৩ পিএম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় 'গল্প বলা' ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে ঈশ্বরগঞ্জের কৃতি শিক্ষার্থী রেজওয়ান হক মুয়াজ। সে ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে অধ্যায়নরত ছাত্র।

 ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মহিলা ক্রীড়া সংস্থা মাঠে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও মূল পর্ব অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার সেরা প্রতিযোগীরা অংশ নেয়। তাদের সবাইকে পেছনে ফেলে নিজের অসামান্য বাচনভঙ্গী ও গল্প বলার জাদুতে বিচারকদের মুগ্ধ করে প্রথম স্থান ছিনিয়ে নেয় মুয়াজ।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

মুয়াজের এই গৌরবময় অর্জনে ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, "মুয়াজ অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল একজন ছাত্র। জেলা পর্যায়ে তার এই প্রথম স্থান অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। আমরা আশা করি সে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও এই সাফল্যের ধারা বজায় রাখবে।"

শিক্ষা এর আরও সংবাদ

আরো পড়ুন