১৬ বছর পর ফের শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা
পার্বত্য তিন জেলা বাদে দেশের বাকি অংশে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই মূল্যায়ন প্রক্রিয়া। ছবি: সংগৃহীত।
দীর্ঘ দেড় দশক পর পুনরায় প্রবর্তিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। সকাল ১০টায় দেশের ৬১টি জেলায় প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা শুরু হয়। পার্বত্য তিন জেলা বাদে দেশের বাকি অংশে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই মূল্যায়ন প্রক্রিয়া।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের পর এই প্রথম স্বতন্ত্রভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২০০৯ সালে পিইসি পরীক্ষা চালুর পর তা বাতিল হওয়ায় শিক্ষার্থীদের মেধা যাচাই ও বৃত্তির সুযোগ বাড়াতে সরকার এই পুরনো পদ্ধতি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের নীতিমালায় ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
সাধারণ জেলাগুলোতে ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল থেকে, যা চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য মূল সময়ের অতিরিক্ত আরও ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। দুপুরে সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এই বিশেষ শিক্ষার্থীরা ১টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। দীর্ঘ ১৬ বছর পর এই পরীক্ষা পদ্ধতি ফিরে আসায় শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন