যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম নিয়ে বন্দরে ‘এমপি আল্ট্রাম্যাক্স-২’
আমদানিকৃত এই চালানের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। ছবিঃ সংগৃহীত
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) আমদানিকৃত গমের আরও একটি বড় চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় জানায়, ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে ‘এমপি আল্ট্রাম্যাক্স-২’ জাহাজটি বর্তমানে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
আমদানিকৃত এই চালানের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। ইতিমধ্যে জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহের পর মান পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। ল্যাব টেস্টের ছাড়পত্র পাওয়া মাত্রই শুরু হবে চূড়ান্ত খালাস প্রক্রিয়া।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (G2G-03) আওতায় এই গম আমদানি করা হচ্ছে। এর আগে এই চুক্তির প্রথম চালানে ১৯ জানুয়ারি ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় চালানে ২৭ মার্চ ৬২ হাজার ১৫০ টন গম দেশে আসে। এ নিয়ে জিটুজি-৩ চুক্তির বড় একটি অংশ দেশে পৌঁছালো। এর আগে জিটুজি-১ ও ২ চুক্তির মাধ্যমে আসা ৪ লাখ ৬৮ হাজার টনের বেশি গম সরকার বুঝে নিয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বছরে গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। তবে অভ্যন্তরীণ উৎপাদন মাত্র ১০ লাখ টনের কাছাকাছি হওয়ায় চাহিদার বড় একটি অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। সরকারি পর্যায়ে এই ধারাবাহিক সরবরাহ বাজারের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন