উল্লাপাড়ায় কৃষক আগ্রহে বাড়ছে ভুট্টা আবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক আগ্রহে ভুট্টা ফসলের আবাদ বাড়ছে। জানা গেছে কম খরচে বেশি লাভ হয় বলে বিভিন্ন এলাকার কৃষকেরা এর আবাদ করছেন। অনেকেই আবার গরু খাদ্যের জন্য ভুট্রার আবাদ করছেন। ভুট্রা গাছ বড় হলে তা কেটে বাড়ীর পালিত গরুকে খাওয়াচ্ছেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয় এবারের মৌসুমে ৩১৫ হেক্টর পরিমাণ জমিতে ভুট্টা ফসলের আবাদ হয়েছে । সরকারী লক্ষ্যমাত্রা ৩১০ হেক্টর ছিলো। সরকারী লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টরে বেশি পরিমাণ জমিতে আবাদ হয়েছে । এরই মধ্যে বিভিন্ন এলাকায় মাঠে আবাদ করা ভুট্টা ফসল কৃষকেরা কেটে ঘরে তুলছেন। কৃষকদের কাছ থেকে জানা গেছে ভালো হারে ফলন হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার উল্লাপাড়া সদর , বড় পাঙ্গাসী , সলঙ্গা , পূর্ণিমাগাতী ইউনিয়ন এলাকার বিভিন্ন মাঠে কৃষকেরা নানা জাতের ভুট্টা ফসলের আবাদ করেছেন। বিভিন্ন এলাকার উচু মাঠগুলোয় বেশি পরিমাণ জমিতে ভুট্টা ফসলের আবাদ হয়েছে। উপজেলার ছোটো বাখুয়া , নাগরৌহা , পুকুরপাড়, ঝবঝবিয়া , চরবেড়া , গোজা , বড় পাঙ্গাসী মাঠে কৃষকেরা এর আবাদ করেছেন। বেশিরভাগ মাঠের ভুট্রা ফসল কৃষকেরা কেটে ঘরে তুলতে শুরু করেছেন। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এবারে তারা ভুট্রার ফলন ভালো হারে পাচ্ছেন ।
বাখুয়া ফকিরপাড়ার কৃষক মো. হাসান এলাকার দুটি মাঠে নিজের প্রায় দেড় বিঘা জমিতে ভুট্টা ফসলের আবাদ করেছেন। তিনি নিজ আগ্রহে এর আবাদ করেছেন। তিনি বেশ কিছুদিন আগে জমির ভুট্টা গাছের আগা কেটে দেন। এখন ভুট্টা ফসলের মোচা কাটছেন। তিনি বলেন ভালো হারে ফলন হচ্ছে। এছাড়া ভুট্রার দাম মোটামুটি ভালো বলে জানান। একই ফকিরপাড়ার আঃ খালেক বিশ শতক জমিতে আবাদ করা ভুট্রা ফসল কেটেছেন । প্রায় আটাশ মণ ফলন হয়েছে। তিনি কাটার পর পরই কাচা অবস্থায় আটশো টাকা মণ দরে বেচেছেন।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন সব ধরণের ফসল উল্লাপাড়া উপজেলা অঞ্চলের মাঠগুলোয় কম বেশি পরিমাণ জমিতে আবাদ করা হয়ে থাকে বলা চলে। অনেক মাঠেই দশ - বিঘা জমিতে কৃষকেরা ভুট্টা ফসলের আবাদ করছেন। গরু খাদ্যের জন্য অনেকেই ভুট্রার আবাদ করছেন। এবারে ভুট্রার ফলন হেক্টর প্রতি সাড়ে ১২ থেকে ১৩ মেট্রিক টন হচ্ছে।
আপনার মতামত লিখুন