আশুলিয়ায় র্যাবের জালে কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল
আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে মো. জুয়েল মিয়া (২৩) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। এসময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. জুয়েল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আবদার সালেহার বটতলা এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় একটি সিলভার রঙের নোয়া গাড়ি র্যাবের সিগনাল অমান্য করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে দ্রুত পালানোর চেষ্টা করে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা গাড়িটির পিছু নেয়। পরে বিকাল পৌনে ৫টার দিকে গাড়িটি থামিয়ে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থাকা ১২টি পুটলা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন