পিতার নিষ্ঠুরতায় নিভল তিন বছরের প্রদীপ
ত্রিশালে সড়কে মিলল লাবিবের মরদেহ
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে জনৈক ইলিয়াস মিয়ার বাড়ির পাশে সড়কের ধারে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ময়মনসিংহের ত্রিশালে এক পাষণ্ড পিতার হাতে নিজ সন্তান খুনের অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে ৩ বছর বয়সী শিশু লাবিবের নিথর দেহ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত বাবা সোহাগ মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহাগ মিয়া এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। পারিবারিক কলহের জেরে সোহাগের তৃতীয় স্ত্রী লামিয়া দীর্ঘদিন ধরে শিশু লাবিবকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যান।
এরপর দীর্ঘ সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে জনৈক ইলিয়াস মিয়ার বাড়ির পাশে সড়কের ধারে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এটি একটি সুনিশ্চিত হত্যাকাণ্ড এবং ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা সোহাগ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন