গোপালগঞ্জে মুকসুদপুরে অবৈধ জ্বালানি ও এলপিজি মজুদ: ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জে মুকসুদপুরে অবৈধ জ্বালানি ও এলপিজি মজুদ: ব্যবসায়ীকে জরিমানা
২৪ মার্চ ২০২৬, ৪:০৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর বাজারের ব্যবসায়ী মোঃ শাহ জালাল-এর প্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজ-এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দোকানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।


পরে এলপিজি বিধিমালা ২০০৪ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।