ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালাল বিরোধী অভিযানে নারীর কারাদণ্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল নির্মূল অভিযানে দুই নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতাল চত্বরে আকস্মিক পরিদর্শনকালে রোগীদের প্রলোভন দেখানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—চরশিহারী গ্রামের রাসেল মিয়ার স্ত্রী দিলরুবা সুলতানা (২৫) এবং ভালুকবেগ গ্রামের মৃত আবুল কালামের কন্যা পলি আক্তার (২২)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সেবা নিতে আসা সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত দুই নারীকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, "সরকারি হাসপাতালে সেবা নিতে আসা অসহায় রোগীদের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। দালাল চক্রের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। রোগীদের নির্বিঘ্নে ও দালালের দৌরাত্ম্যমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"
তিনি আরো বলেন, জনস্বার্থে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
আপনার মতামত লিখুন