রাজশাহীতে ২২০০ পিস ইয়াবা উদ্ধার
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযানে একটি সাততলা ভবনের কেয়ারটেকারের কক্ষ থেকে প্রায় ২ হাজার ২০০ পিস ইয়াবা ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার ২৩৬ নম্বর হোল্ডিংয়ের সাততলা ভবনের কেয়ারটেকার মো. মোশারফ হোসেনের ব্যবহৃত কক্ষে অভিযান চালানো হয়। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার বাসিন্দা এবং বর্তমানে ওই ভবনের গ্যারেজ সংলগ্ন কক্ষে বসবাস করতেন।
অভিযানকালে তার কক্ষ তল্লাশি করে প্রায় ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক ও নগদ অর্থ জব্দ করে পুলিশ।
পুলিশের ধারণা, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চন্দ্রিমা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
মো: গোলাম কিবরিয়া
আপনার মতামত লিখুন