ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, বৃদ্ধসহ একই পরিবারের আহত ৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জটিয়া ইউনিয়নের টাংগনগাতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলায় একই পরিবারের নারী ও বৃদ্ধসহ ৪ জন মারাত্মকভাবে জখম হয়েছেন। বর্তমানে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ অজুফা খাতুন (৫৪) বাদী হয়ে মোট ৮ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন— টাঙ্গনগাতি গ্রামের মোঃ রফিকুল ইসলাম আবু (৪১), মোঃ আঃ করিম (৩৫), মোঃ মতিউর রহমান (৩২), মোঃ শাহজাহান (৪৫), মোঃ ইয়াসিন মিয়া (২২), মোঃ মারুফ মিয়া (২৩), মোছাঃ পারভীন আক্তার (৪১) এবং মোছাঃ আমেনা খাতুন (২৯)।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ তারিখ শুক্রবার বিকেলে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, রামদা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীরা অজুফা খাতুনের বসতবাড়ির পেছনে তাদের দখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে। এতে বাধা দিলে বিবাদীদের নির্দেশে ও প্রত্যক্ষ হামলায় অজুফা খাতুনের ছেলে মোঃ একরাম হোসেন (২৯) এবং স্বামী মোঃ আব্দুর রশিদ শেখ (৬৫)-কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
স্বজনদের বাঁচাতে অজুফা খাতুন এবং তার দুই মেয়ে মোছাঃ লিজা আক্তার (১৮) ও মোছাঃ রাশিদা খাতুন (২৫) এগিয়ে এলে আসামীরা তাদেরও পিটিয়ে নীলাফোলা ও বেদনাদায়ক জখম করে।
হামলাকারীরা যাওয়ার সময় ভুক্তভোগীদের একটি ১২৫ সিসি হোন্ডা মোটরসাইকেল কুপিয়ে ও ভাঙচুর করে প্রায় ২৫-৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
পরে প্রতিবেশীদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আব্দুর রশিদ শেখ ও একরাম হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে তারা হাসপাতালের ০৬ নং ওয়ার্ডে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা সংক্রান্ত ব্যস্ততার কারণে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন