গোবিন্দগঞ্জে চুরির সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ: বিয়ের বাড়িসহ ৫ বাড়িতে হামলা, আহত ১৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি বালুয়া সান্দারপট্টি ও সাপগছি হাতিয়াদহ এলাকায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারপিট করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে ঘটা এই ঘটনায় গ্রাম পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতে হামলাকারীরা ৫টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়, যার মধ্যে একটি বিয়ের বাড়িও রয়েছে।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) স্বপন মিয়া এবং এসআই মোমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
আপনার মতামত লিখুন