রংপুরে সেচ যন্ত্রের পাহারা দিতে গিয়ে লাশ হলেন মফিজার, এলাকায় উত্তেজনা
রংপুরের পীরগঞ্জে বিএডিসি’র সেচ ট্রান্সমিটার চুরি ঠেকাতে গিয়ে দুর্বৃত্তদের নির্মম হামলায় প্রাণ হারিয়েছেন মফিজার রহমান (৪৫) নামের এক পাহারাদার। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি জানাজানি হয়। নিহত মফিজার রহমান ওই এলাকার সেচ মালিক মো. আমজাদ আলীর পুত্র। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, বুধবার দিবাগত গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর উমরপুর এলাকায় সেচ যন্ত্রের ট্রান্সমিটার চুরি করার উদ্দেশ্যে হানা দেয়। এ সময় পাহারারত মফিজার রহমান চোরদের বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে বা শ্বাসরোধ করে হত্যা করে এবং ট্রান্সমিটার নিয়ে চম্পট দেয়। আজ ভোরে শহিদুল ইসলাম নামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার পথে ট্রান্সমিটারটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ পোষণ করেন। পরবর্তীতে কাছে গিয়ে মফিজারের মরদেহ পড়ে থাকতে দেখে তার চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। এই নৃসংশ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে।
আপনার মতামত লিখুন