ঈশ্বরগঞ্জে ২২ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক, নারী সহযোগী পলাতক

ঈশ্বরগঞ্জে ২২ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক, নারী সহযোগী পলাতক
১৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নে জাল নোটসহ নিজাম এলাহি মিজান (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (এপ্রিল ১৭) রাত ৮ টায় আঠারোবাড়ী বাজারে কেনাকাটা করার সময় ব্যবসায়ীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। এসময় তার কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।


​আটককৃত নিজাম এলাহি মিজান তারাকান্দা উপজেলার দুগাতি গ্রামের মো. হাসমত আলির ছেলে। বর্তমানে তিনি তারাকান্দার বঙ্গবন্ধু কলেজ সংলগ্ন এলাকায় বসবাস করেন।


​স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মিজান ও এক নারী সহযোগী আঠারোবাড়ী বাজারের শুঁটকি ব্যবসায়ী দুলাল মিয়ার দোকানে আসেন। তারা ৫০ টাকার শুঁটকি কিনে দুলাল মিয়াকে দুটি ৫০০ টাকার নোট প্রদান করেন। দুলাল মিয়া তাদের ৪৫০ টাকা ফেরত দেন। তবে তারা চলে যাওয়ার পরপরই দুলাল মিয়ার সন্দেহ হয় এবং তিনি বুঝতে পারেন নোট দুটি জাল।


​ব্যবসায়ী দুলাল মিয়া চিৎকার শুরু করলে ওই যুবক ও নারী দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ধাওয়া করে মিজানকে আটক করতে সক্ষম হলেও তার সাথে থাকা নারী সহযোগী কৌশলে ভিড়ের মধ্যে পালিয়ে যান।


​ভুক্তভোগী ব্যবসায়ী দুলাল মিয়া জানান,


​"একজন পুরুষ ও একজন মহিলা আমার দোকানে এসে ৫০ টাকার শুঁটকি চান। পণ্য দেওয়ার পর তারা আমাকে দুজন ৫০০ টাকার দুটি নোট দেন। আমি টাকা ফেরত দেওয়ার কিছুক্ষণ পরই বুঝতে পারি নোটগুলো আসল নয়। আমি ডাক দিলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে, পরে সবার সহযোগিতায় একজনকে ধরা সম্ভব হয়।"


​খবর পেয়ে আঠারোবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে হেফাজতে নেয়। আঠারোবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজ আহমেদ জানান, আটক যুবকের কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।


​তিনি আরও বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক তার পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেছে। তার সাথে থাকা নারীটি পালিয়ে গেছে, তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক মিজানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন