টাকা দিয়ে পুলিশে চাকরি নেওয়ার দিন শেষ- এসপি বেলাল হোসেন

আইন-আদালত
টাকা দিয়ে পুলিশে চাকরি নেওয়ার দিন শেষ- এসপি বেলাল হোসেন

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজারে বাসস্ট্যান্ডে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ’ উপলক্ষে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

৩১ মার্চ ২০২৬, ২:২৬ পিএম

ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠে নেমেছেন পুলিশ সুপার (এসপি) বেলাল হোসেন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রদান করতে জনসাধারণের মাঝে জনসচেতনতা মূলক সভা সেমিনার করতেছেন তিনি।​

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজারে বাসস্ট্যান্ডে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ’ উপলক্ষে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, তদবির কিংবা কোনো প্রকার আর্থিক লেনদেন করে পুলিশে চাকরি পাওয়ার দিন শেষ। নিয়োগ হবে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

পুলিশ সুপার বলেন, জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ। এখানে কোনো তদবির চলবে না। কেউ তদবিরের চেষ্টা করলেই তার প্রার্থিতা বাতিল করা হবে। কোনো প্রকার অনিয়ম বা দুই নম্বরি বরদাশত করব না।

অভিভাবক ও প্রার্থীদের সতর্ক করে এসপি বলেন, ‘তদবিরকারীরা আমাকে কিছু বলার সাহস পাবে না। তাই আপনারা কাউকে কোনো টাকা দেবেন না। যদি দেন, তবে মনে রাখবেন, সেই টাকা কোনো দিনও আমার কাছে পৌঁছাবে না।

​জ্বালানি সংকট নিয়ে সতর্কবার্তা দেশে জ্বালানি তেলের কৃত্রিম অভাব তৈরির সমালোচনা করে বেলাল হোসেন বলেন, প্রকৃতপক্ষে দেশে তেলের কোনো সংকট নেই।

কিছু অসাধু মানুষ বাটপারি করে সংকট তৈরি করছে। এ কারণেই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।

​বেকারত্ব দূরীকরণে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও জেলার বেকার সমস্যার আমূল সমাধান হবে। এখানে পুরাতন ও নতুনের সমন্বয়ে দুটি বিসিক শিল্পনগরী হবে, বিমানবন্দর পুনরায় চালু হবে এবং মেডিক্যাল কলেজ স্থাপিত হবে। এসব মেগাপ্রকল্পে প্রায় ৫ লাখ জনবলের প্রয়োজন হবে।

তখন এই জেলার বেকারত্ব ঘুচে বরং বাইরের জেলার মানুষ এখানে চাকরির সুযোগ পাবে।

আপনারা এই সরকারকে সময় দেন। মাত্র এক মাসে এ দেশে অনেক পরিবর্তন হয়েছে। সামনে আরও অনেক পরিবর্তন আসবে।

এ সময় তিনি মাদক ও অনলাইন ক্যাসিনো যে কোন মূল্যে প্রতিহত করা হবে আশা ব্যক্ত করেন। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

জনসচেতনতা মূলক অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইসলাম, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী, ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, ভূল্লী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, দেবীপুর ইউনিয়ন  বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ভূল্লী থানা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন,  রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।