স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
সম্পর্কের টানাপোড়েনের জেরে স্ত্রীর নগ্ন ও অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান জীম (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী গৃহবধূ (১৯) বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ দাখিল করেন।
আদালতের বিচারক মাহবুবা শারমিন অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত জীম ঝিকরগাছা উপজেলার কাটাখালি রূপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মামলার আরজিতে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, ২০২৪ সালের ২২ এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তিনি অন্তঃসত্ত্বা হলে স্বামী জীম জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট করেন বলে অভিযোগ তোলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে দম্পতির মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয় এবং তারা আলাদা থাকতে শুরু করেন। সন্তান নষ্ট করার অভিযোগে ওই নারী আগেই জীমের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেছিলেন।
ভুক্তভোগীর দাবি, পূর্বের মামলায় ক্ষুব্ধ হয়ে জীম তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। দাম্পত্য জীবনে একসঙ্গে থাকাকালীন কৌশলে ধারণ করা স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবিগুলো জীম একটি ভুয়া ফেসবুক পেজ খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
অভিযোগে আরও জানানো হয়, গত ৪ মে জীম ফোন করে তাকে হুমকি দেন যে— বৈবাহিক সম্পর্ক পুনরায় বজায় না রাখলে আরও ছবি ইন্টারনেটে প্রকাশ করা হবে। এছাড়া হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের মাধ্যমেও ওই ছবিগুলো বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয়েছে বলে ভুক্তভোগী উল্লেখ করেন।
সামাজিকভাবে চরম মানহানি ও লোকলজ্জার শিকার হয়ে ওই নারী শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিয়েছেন। বর্তমানে পুলিশ মামলাটি নথিবদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।
মেহেদী হাসান রিপন
আপনার মতামত লিখুন