চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য গুদামজাত করে রাখার অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের টিসিবি ডিলার জসিম উদ্দীন গ্রাহকদের মাঝে পণ্য বিতরণ না করে গুদামজাত করে রাখছিলেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে এসব পণ্য বেশি দামে খুচরা বাজারে বিক্রির উদ্দেশ্যেই তিনি মজুদ করে রাখেন।
গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে শনিবার (২ মে) দুপুরে পরকোট ইউনিয়নের মুন্সির রাস্তা এলাকায় একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য মজুদ অবস্থায় পাওয়া যায়।
অভিযানে ২ লিটারের ১৮০ বোতল সয়াবিন তেল, প্রায় ২০০ কেজি চিনি (৪ বস্তা) এবং প্রায় ২০০ কেজি ছোলা জব্দ করা হয়।
টিসিবির পণ্য গুদামজাত করে রাখার অপরাধে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ডিলার জসিম উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন